২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক মামলা' প্রত্যাহারে আবেদন শেষ এ মাসেই

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার আবেদনের সুযোগ চলতি মাসেই শেষ হচ্ছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 12:05 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার আবেদনের সুযোগ চলতি মাসেই শেষ হচ্ছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির সভাপতি কামরুল ইসলাম। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বুধবার সাংবাদিকদের জানান, চলতি মার্চ মাসের মধ্যেই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন নেওয়া শেষ করবে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় কমিটির সদস্য স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার তার সঙ্গে ছিলেন। কামরুল জানান, গত বছরের মার্চ মাস থেকে গত এক বছরে সারা দেশ থেকে আট হাজার ২৬টি আবেদন জমা পড়ে। কমিটি ১৫টি সভায় যাচাই-বাছাই করে এ পর্যন্ত চার হাজার একশ ৪৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বুধবারের সভায় পাঁচশ ৬৮টি মামলা পর্যালোচনার জন্য বিবেচনায় আনা হয় বলে জানান তিনি। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের ছয়টি এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ বাংলাদেশ দণ্ডবিধির পাঁচশ ৬২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বুধবার দুদকের চারটি এবং দণ্ডবিধির ২৭০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। দুদকের দুটি এবং দণ্ডবিধির ৯২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে বিবেচিত না হওয়ায় এসব আবেদন বাতিল করা হয় বুধবার। বাকি আবেদনগুলো কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। দুদকের যে দুটি মামলা প্রত্যাহারের আবেদন নাকচ হয়েছে সেগুলো হলো- নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমানের দণ্ডপ্রাপ্ত একটি মামলা এবং সরকারি চাকরিজীবী খন্দকার আবু বকর সিদ্দিকের একটি। এ দুটি মামলার মধ্যে একটিতে ইতোমধ্যে আদালতে দণ্ড ঘোষণা করেছে। তাই কমিটি এটি বিবেচনায় আনতে পারেনি। অন্যটি সরকারি চাকরির দুর্নীতি সংক্রান্ত মামলা। তাই এটি রাজনৈতিক বিবেচনায় আনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী জানান। দুদকের মামলা প্রত্যাহারে অনীহা এবং 'চাপ প্রয়োগে'র অভিযোগ প্রসঙ্গে কামরুল বলেন, "সরকার কোন মামলা প্রত্যাহারে কাউকে চাপ দেবে না। সরকারের কাছে যেসব মামলা হয়রানিমূলক বলে মনে হয়েছে তা প্রত্যাহারে সুপারিশ করা হচ্ছে। "কোন কর্তৃপক্ষ না চাইলে তারা এসব মামলা প্রত্যাহার করবে না। দুদকের ক্ষেত্রেও এসব মামলা প্রত্যাহার করা না করা নিজস্ব ব্যাপার," জানিয়ে মন্ত্রী বলেন, "সরকার কোন চাপ দেবে না।" সর্বশেষ সভায় বিরোধী দলের কোন নেতাকর্মীর মামলা প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে কামরুল বলেন, এ ধরণের মামলা আলোচনায় ছিল না। তাই বিরোধী কোন নেতাকর্মীর মামলা প্রত্যাহারও করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৮ ঘ.