২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ফোনের রিট আবেদন খারিজ

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ফোনের কার্যক্রম বন্ধে বিটিআরসির পদক্ষেপের বিরুদ্ধে বেসরকারি এ ল্যান্ডফোন কোম্পানির রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 10:30 AM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ফোনের কার্যক্রম বন্ধে বিটিআরসির পদক্ষেপের বিরুদ্ধে বেসরকারি এ ল্যান্ডফোন কোম্পানির রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সোমবার আবেদন খারিজের আদেশ দিয়ে বলেছে, এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ঢাকা ফোনকে। সে সময়সীমা শেষ না হওয়ায় রিট আবেদন দায়েরের সময় হয়নি। অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে গত ১৫ মার্চ ঢাকা ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ টেলিযাগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এ জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়, ২৩ মার্চ সে সময়সীমা শেষ হবে। ঢাকা ফোনের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানিতে বলেন, "ঢাকা ফোন থেকে কোনো ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার করা হয়নি। কিন্তু বেআইনিভাবে এর অপারেশন বন্ধ করা দেওয়া হয়েছে। "আইন অনুযায়ী লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার যেতে পারে, এভাবে কার্যক্রম বন্ধ করা যেতে পারে না", বলেন তিনি। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি মুরাদ রেজা বলেন, "কোনো গুরুতর অবৈধ কাজের ক্ষেত্রে নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিধান রয়েছে।" গত ১৫ মার্চ মহাখালীর রূপায়ন টাওয়ারে ঢাকা ফোনের কার্যালয়ে অভিযান চালিয়ে ভিওআইপির আলামত পাওয়া যায় বলে বিটিআরসি কর্মকর্তারা জানায়। ঢাকা ফোনের চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খানসহ পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়। বিটিআরসির পরামর্শক কাওসার আহমেদ সেদিন বলেন, ঢাকা ফোনের কার্যালয়ে অবৈধ ভিওআইপি কলের আলামত পাওয়া গিয়েছিলো এবং সে বিষয়ে ঢাকা ফোন কর্তৃপক্ষ কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.