ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট 'জেলা তথ্য বাতায়ন' ভারতীয় আইপি থেকে হ্যাক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ভিত্তিক এ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) দলের কর্মকর্তা এস এম আকাশ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কম্পিউটার ব্যবহার করে 'জেলা তথ্য বাতায়ন' হ্যাক করা হয় তা ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ভিএসএনএল'র সংযোগ ব্যবহার করেছে।
হ্যাকিংয়ে ব্যবহৃত কম্পিউটারটির আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা শনাক্ত করেছে এটুআই।
ওই কম্পিউটারের ব্যবহারীকে শনাক্ত করে তা বাংলাদেশকে জানাতে ভিএসএনএল'কে চিঠি দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আকাশ।
ভারতের শীর্ষস্থানীয় আইএসপি বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের (ভিএসএনএল) মূল কার্যালয় সিঙ্গাপুরে।
'জেলা বাতায়ন' হ্যাক হওয়া বিষয়ে শনিবার বেলা ২টা ৩০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমই প্রথম খবর প্রকাশ করে।
"ওয়েবসাইটে স্পর্শকাতর কোনো তথ্য নেই এবং প্রতিরাতেই এর ব্যাকআপ রাখা হয়," জানিয়ে এটুআই'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, "ওই হ্যাকিং বাংলাদেশের জন্য হুমকি নয়।"
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার অপরাধের বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং এ ধরনের হুমকি থেকে আমাদের নিরাপদ রাখতে প্রস্তুতির প্রয়োজনীয়তার বিষয়টিই এ ঘটনা থেকে প্রমাণ হয়।
কম্পিউটারটি চিহ্নিত হলেও সেটিই যে হ্যাকিংয়ের জন্য দায়ী তা নিশ্চিত নয়
bdnews24