২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনস্থলের পাশেই মাছ শিকার

জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানস্থলের পাশেই মেঘনা নদীতে অবাধে নৌকাযোগে জেলেদের মাছ ধরতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 12:25 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

চাঁদপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানস্থলের পাশেই মেঘনা নদীতে অবাধে নৌকাযোগে জেলেদের মাছ ধরতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। মেঘনায় চারমাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। একদিকে জাটকা (অপরিণত ইলিশ) নিধন রোধে সচেতনতা বাড়ানোর চেষ্টা, অন্যদিকে অবাধে তা নিধন চলায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। জাটকা সংরক্ষণ এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে একযোগে কাজ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। জাতীয় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রোববার মৎস বিভাগের উদ্যোগে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল কাইয়ুম সরকার বলেন, "জেলেরা অবাধে জাটকা নিধন করলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। অবাক লাগছে, একদিকে আমরা জাটকা নিধন রোধে কথা বলছি অপরদিকে জেলেরা মাছ ধরছে।" তিনি হাত দিয়ে মেঘনায় জেলেদের মাছ ধরার দৃশ্য দেখান। চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ গাজী বলেন, "আমরা অনুষ্ঠান করছি, আর জেলেরা পাশেই মাছ ধরছে- এটি দুঃখজনক। অথচ ফেব্র"য়ারি থেকে মে পর্যন্ত চার মাস মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর এজন্য প্রতি জেলেকে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। জেলেরা একদিকে চাল নিচ্ছে, অপরদিকে মাছও ধরছে। ইউসুফ গাজী বলেন, আমরা যারা জাটকা নিধন রোধে বড় বড় কথা বলছি তারাই আবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলেদেরকে মাছ ধরার জন্য উৎসাহ দিচ্ছি। এজন্য জেলেদের পাশাপাশি আমরাও দায়ী। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, আমাদের অনুষ্ঠানস্থলের ডানে-বামে তাকালেই দেখা যাচ্ছে মাছ ধরার দৃশ্য। যারা জাটকা ধরে তাদেরকে ঘৃণা করুন। জেলা মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৎস্য গবেষণা ইন্সটিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান মো. কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক গোলাম কিবরিযা জীবন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান। অনুষ্ঠান শেষে জাটকা নিধন প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ২০০৩ সাল থেকে চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার ২৬ হাজার ৩ শ' ৩৫ জেলেকে ফেব্র"য়ারি মাস থেকে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। মে পর্যন্ত এ চাল দেয়া হবে। এছাড়া সিএনআরএস নামের একটি সংস্থা কিছু জেলের বিকল্প কর্মসংস্থানে কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫৩ঘ.