২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর'র বিচার ফের শুরু

দুই মাস বিরতির পর সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহের বিচার রোববার আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 05:58 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

সাতক্ষীরা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস বিরতির পর সাতক্ষীরায় বিডিআর বিদ্রোহের বিচার রোববার আবার শুরু হচ্ছে। সাতক্ষীরার ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদরদপ্তরে স্থাপিত আদালতে এ বিচার কাজ চলবে। সকাল ১০টায় বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ৪১ রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল আজিম। তিনি বলেন, রোববার ২৫ জনের সাক্ষ্য নেওয়ার কাজ শুরু হবে। গত ২১ জানুয়ারি পর্যন্ত ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর আদালত ২১ মার্চ পর্যন্ত মুলতবি হয়ে যায়। আদালতের প্রধান হিসেবে থাকবেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ, মেজর লুৎফুল কবির এবং এটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট খসরুজ্জামান। মামলার প্রসিকিউটর হলেন ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যডভোকেট মোশাররফ হোসেন কাজল ও শাহীদুর রহমান। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বিডিআরের উর্দ্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকরা। নীলডুমুর ব্যাটালিয়নের যে ৬০ সদস্য বিদ্রোহে অংশ নেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় হত্যাকাণ্ডের জেরে দেশের বিভিন্ন স্থানে বিডিআরের সদস্যরা বিদ্রোহ করে। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বিশেষ আদালতে এ ঘটনার বিচার চলছে। বিদ্রোহের বিচার হবে বিডিআর আইনে এবং হত্যা ও ধর্ষণের বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.