রংপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার তপধন ইউনিয়নের চান্দকুটি গ্রামে রাস্তার ধারে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মতিয়ার রহমান নামে (৪৫) ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি সাহেবগঞ্জ বাজারে তরকারির ব্যবসা করতেন।
কোতয়ালি থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ভোরে পুলিশ লাশ উদ্ধার করে। মতিউরের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা শরিফ জানান। তবে হত্যার কারণ পুলিশ জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24