২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে সাত কোটি পাউন্ড দেবে বৃটেন

দারিদ্র কমানো ও জলবায়ুঝুঁকি মোকাবেলায় বৃটেন আগামী ছয় বছরে বাংলাদেশকে সাত কোটি পাউন্ড দেবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ডগলাস আলেক্সান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 07:41 PM

লন্ডন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র কমানো ও জলবায়ুঝুঁকি মোকাবেলায় বৃটেন আগামী ছয় বছরে বাংলাদেশকে সাত কোটি পাউন্ড দেবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ডগলাস আলেক্সান্ডার। ইস্ট লন্ডনে স্থানীয় এমপি জিম ফিটযপ্যাট্রিক আয়োজিত বাঙালিদের এক অনুষ্ঠানে বক্তব্যে এতথ্য জানান বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস। জলবায়ু পরির্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত উন্নয়ন তহবিল হিসেবে এ অর্থ দেওয়া হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। আগামী এপ্রিলে এর আওতায় কাজ শুরু হবে। তিনি জানান, চর জীবিকা প্রকল্পের পরবর্তী পর্যায়ে ১০ লাখ অতিদরিদ্র বাংলাদেশি দারিদ্রের সঙ্গে লড়ার সুযোগ পাবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাদের বসতবাড়িকে খাপ খাইয়ে নিতেও এ প্রকল্প সাহায্য করবে বলে জানান তিনি। "দারিদ্রের সঙ্গে বাংলাদেশিদের লড়াইকে জলবায়ু পরিবর্তন আরো কঠিন করে তুলছে" মন্তব্য করে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর সঙ্গে গত সেপ্টেম্বরে আমি ওখানে গিয়েছি। তখন বুঝতে পেরেছি বিশ্বে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হলে জলবায়ু পরিবর্তনের সঙ্গেও লড়তে হবে।" সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যার ঝুঁকিতে থাকা মানুষজন এই অর্থে বসতঘর তৈরি করতে পারবে বলে জানান তিনি। শিশু জীবিকা প্রকল্প আগামী এপ্রিলে বন্যাসীমার বাইরে এক লাখ ঘর তৈরি করবে বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর। আগামী ছয় বছর এক্ষেত্রে কাজ চলবে। 'কাজের বিনিময়ে অর্থ' পদ্ধতিতে এসব ঘর তৈরি হবে। এতে স্থানীয়দের প্রায় ৬০ লাখ দিনের কর্মসংস্থান হবে। প্রকল্পের আওতায় চরবাসীদের গবাদিপশু ও বীজও দেওয়া হবে। প্রকল্পের প্রথম পর্যায়ে সাত লাখ চরবাসী দারিদ্র থেকে উত্তরণের সুযোগ পান। সেসময় বন্যাসীমার বাইরে ৮০ হাজার বসতঘর তৈরি করা হয়। গবাদিপশু ও বীজ দেওয়া হয় প্রায় ৫৫ হাজার পরিবারকে। দুবছরের মধ্যে ওই পরিবারগুলোর আয় দ্বিগুণ হয়। যমুনা ও পদ্মার প্রত্যন্ত চরে বাংলাদেশের প্রায় ২৫ লাখ মানুস বাস করে। দেশের দরিদ্রতম মানুষদের অন্যতম এই চরবাসীদের দৈনিক আয় ১৫ টাকা। চরাঞ্চলের শিশুদের পাঁচ ভাগের এক ভাগই অপুষ্টিতে ভোগে। গত সপ্তাহে ডিএফআইডির পুষ্টি কৌশল কার্যক্রম উদ্বোধন করেন ডগলাস। ওই কৌশলের কেন্দ্রে বাংলাদেশসহ ছয়টি দেশ রয়েছে। অন্য দেশগুলো হলো ভারত, নেপাল, ইথিওপিয়া, নাইজেরিয়া ও জিম্বাবুয়ে। "চর প্রকল্প বাংলাদেশের দরিদ্রতম কিছু মানুষের জীবন উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে" জানিয়ে ডগলাস বলেন, "গত কয়েক বছরে কয়েক হাজার ঘর বন্যাসীমার বাইরে এসেছে। স্থানীয়রা ভালো শিক্ষা, স্বাস্থ্য ও পশুসেবা পেয়েছে।" দরিদ্রদের গবাদিপশু ও বীজ দেওয়ার কারণ হিসেবে ডগলাস বলেন, "মঙ্গায় বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়ে। ওই কঠিন সময় কাটানোর জন্য তাদের এসব দেওয়া হচ্ছে।" বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/আরএএইচ/পিডি/১৮৫৪ ঘ.