২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় নিহত ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসের চাপায় এক শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 09:35 AM

Updated : 24 Aug 2022, 07:40 PM

রংপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসের চাপায় এক শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বলদীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন জানিয়েছেন। নিহতরা সবাই একটি রিকশাভ্যানে ছিলেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভ্যানচালক সাহেব আলী ও এইচএসসি পরীক্ষার্থী জয়মালা বেগম (১৯)। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আলতাফ সাংবাদিকদের বলেন, "দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বলদীপুকুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক সাহেব ও জয়মালা নিহত হয়।" আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেক জনের মৃত্যু হয় বলে ওসি জানান। তার পরিচয়ও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-রংপুর সড়ক অবরোধ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ গিয়ে জনতার সঙ্গে কথা বলে অবরোধ তুলে দিলে এক ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.