২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত ওয়ার্ল্ডটেলেও

ঢাকা ফোনের পর বেসরকারি আরেক ল্যান্ডফোন অপারেটর ওয়ার্ল্ডটেলেরও অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত খুঁজে পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 07:39 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ফোনের পর বেসরকারি আরেক ল্যান্ডফোন অপারেটর ওয়ার্ল্ডটেলেরও অবৈধ ভিওআইপি সংশ্লিষ্টতার আলামত খুঁজে পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার রাতে রাজধানীর মধ্য বাড্ডায় প্রতিষ্ঠানের সুইচ রুমে অভিযান চালানো হয়। বিটিআরসির সিনিয়র কনসালটেন্ট জিয়ান শাহ কবির বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের (ওয়ার্ল্ডটেল) নেটওয়ার্ক অপারেশন টাওয়ারে (সুইচ রুম) ভিওআইপির আলামত পাওয়া গেছে। সেখান থেকে দুটি মাল্টি প্লেক্সার জব্দ করা হয়েছে, যা দিয়ে ভিওআইপি কল করা যায়।" তবে অভিযানের সময় ওয়ার্ল্ডটেলের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে শাহ কবির জানান। অভিযানে বিটিআরসির সঙ্গে র‌্যাবও ছিলো। শাহ কবির বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আসতে বলা হলেও কেউ আসেনি। অভিযানের পর সুইচ রুম তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ওয়ার্ল্ডটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুদিন আগেই ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৪৫ ঘ.