২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'কমিটির প্রধান হতে চান চেয়ারম্যানরা

উপজেলা দরপত্র কমিটি ও ওএমএস কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলে উপজেলা চেয়ারম্যানরা প্রধান হতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা দরপত্র কমিটি ও ওএমএস কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলে উপজেলা চেয়ারম্যানরা প্রধান হতে চান। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ দাবি জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার ও সদস্য সচিব বদিউজ্জামান বাদশা। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "উপজেলা চেয়ারম্যানরা তাদের দাবির বিষয়ে আলোচনা করতে এসেছিল। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি।" অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার সাংবাদিকদের জানান, উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে সেতু-কালভার্ট নির্মাণে দরপত্র কমিটির প্রধান পদে এখনো ইউএনও'রা রয়েছেন। নতুন বিধিমালা অনুযায়ী এখনো এসবে উপজেলা চেয়ারম্যানদের সভাপতি করা হয়নি বলে জানান হারুন। উপজেলা পরিষদ বিধিমালা গেজেট জারি হয় গত ১৪ ফেব্র"য়ারি। হারুন উপজেলা পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিচালনা কমিটি এবং অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির একশ দিনের কার্যক্রমেও উপজেলা চেয়ারম্যানদের সম্পৃক্ত করার দাবি জানান। উপজেলা চেয়ারম্যানদের এখনো কোন টিআর বরাদ্দও দেওয়া হয়নি বলে জানান তিনি। এসব বিষয়সহ মন্ত্রীর কাছে অ্যাসোসিয়েশন সাত দফা দাবি জানিয়েছে। আব্দুর রাজ্জাক বলেন, "কয়েক দিনের মধ্যে তারা টিআর প্রকল্পের বরাদ্দ পাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১০ ঘ.