২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুই জেএমবি জঙ্গির যাবজ্জীবন

দিনাজপুর শহরের ছোটগুড়গোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর আস্তানায় বোমা বিস্ফোরণের মামলায় সংগঠনের দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 03:04 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

দিনাজপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শহরের ছোটগুড়গোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর আস্তানায় বোমা বিস্ফোরণের মামলায় সংগঠনের দুই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া গুলি রাখার দায়ে তাদের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় দণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুরের বিশেষ জজ মো. রফিকুল আলম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেএমবি'র দিনাজপুর অঞ্চলের কমান্ডার আনোয়ার সাহাদত ওরফে ওবায়দুল্লাহ (৩০) ও সুরা সদস্য সাইদুল ইসলাম ওরফে সাখাওয়াত। ওবায়দুল্লা দিনাজপুর শহরের রাজবাটি এলাকার হাফেজ শহিদুল্লাহর ছেলে এবং সাখাওয়াত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী গ্রামের আমীর উদ্দিনের ছেলে। বাদল নামের অপর আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কাজেম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ১৩ ফেব্র"য়ারি ছোটগুড়গোলায় জেএমবি'র একটি আস্তানায় বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে তিন জেএমবি জঙ্গিকে আহত অবস্থায় আটক করে। এদের মধ্যে বাদল পরে মারা যান। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ, গোলাবারুদ, জিহাদি বই ও প্রচারপত্র। কোতয়ালি থানায় উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বাদি হয়ে ওইদিন অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট অমূল্য চন্দ্র দাস একই বছরের ২৩ সেপ্টেম্বর এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় বাদীপক্ষের ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.