পিরোজপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে এবং ব্রজপাতে তিনজন মারা গেছে।
জেলার স্বরুপকাঠী ও নাজিরপুর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা।
এছাড়া নাজিরপুর উপজেলায় টেলিফোন ও বিদ্যুতের সরবরাহ লাইনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি মিজানুর রহমান খান।
তিনি জানান, নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের হোসেন আলী (৬০) ও তার ছেলে কাওছার (২০) ঝড়ে ভেঙে পড়া ঘরচাপায় ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় একজন সাংবাদিক জানান, স্বরুপকাঠী উপজেলার ইন্দুরহাটের সন্ধ্যা নদীতে বজ্রপাতে ট্রলারচালক আব্দুস সালাম (৩৬) মারা যান। আহত হন যাত্রী সুমন (২৬)।
ট্রলার যাত্রীরা দ্রুত তাকে স্বরুপকাঠী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
স্বরুপকাঠী থানার ওসি মো. আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24