২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ফোনের কর্মকর্তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে

অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ঢাকা ফোনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্যে চাওয়া হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 09:36 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ঢাকা ফোনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্যে চাওয়া হেফাজতে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে ঢাকার একটি আদালত। একই সঙ্গে বিচারক জামিনের আবেদনও নাকচ করে দেন। মঙ্গলবার দুপুরে রিমান্ড ও জামিন আবেদন শুনানি শেষে দুই আবেদনই নাকচ করে তাদের কারাগার ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা। কর্মকর্তা তিন জন হলেন ঢাকা ফোনের মহাপরিচালক (প্রকৌশল) হারুন আল আতাহার, জেষ্ঠ্য ব্যবস্থাপক (প্রকৌশল) ইকরামুজ্জামান, ব্যবস্থাপক হরিপোদ্দার। তাদের আইনজীবী বলেন, এই তিনজন ঢাকা ফোনের চাকুরিরত কর্মকর্তা। তাদের কাছ থেকে ভিওআইপির কোনো সামগ্রী উদ্ধার করা হয়নি। মামলাটি অনেক পুরনো। শুধুমাত্র লোক দেখানোর জন্যে এবং হেনস্থা করার জন্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়েছে। আইনজীবীরা আসামীদের জামিনের আবেদন জানান। বিচারক বলেন, মামলার এ পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয়। রোববার রাতে এই তিনজনসহ মোট ৫জনকে মহাখালীর রূপায়ন টাওয়ারের ঢাকা ফোনের প্রধান সংযোগ কক্ষ থেকে গ্রেফতার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআইটি/জিএনএ/১৫৩৫ ঘ.