২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সম্মেলন সম্পর্কে জানালেন বিডিআর প্রধান

নয়া দিল্লীতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্তে বাংলাদেশি হত্যা, অপদখলীয় জমি নিয়ে বিরোধ এবং মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 05:00 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লীতে বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনে সীমান্তে বাংলাদেশি হত্যা, অপদখলীয় জমি নিয়ে বিরোধ এবং মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে। সোমবার বিডিআর সদর দপ্তরে আকস্মিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। তিনি বিডিআর-বিএসএফ সম্মেলনের সংক্ষিপ্তসার তুলে ধরেন সংবাদ সম্মেলনে। ভারতের নয়া দিল্লীতে ৮-১১ মার্চ সীমান্ত সম্মেলন হয়। বিডিআর মহাপরিচালক জানান, ভারত-পাকিস্তান বিভক্ত হওয়ার পর সীমান্ত পিলার বসানো হয়। সেসময় কারো জমির কিছু অংশ ভারতের দিকে চলে গেছে আবার কারো জমি বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে। নদীর দিক পরিবর্তনের কারণেও জমির মালিকানা নিয়ে দুদেশের মধ্যে সমস্যা হয়। মূলত এধরনের সমস্যাকে অপদখলীয় বলা হয় জানিয়ে মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরে দুদেশের মধ্যে এসব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তখন অপদখলীয় বিষয়টি ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী এবং জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র"পের মাধ্যমে সমাধানের কথা বলা হয়। ওয়ার্কিং গ্র"পের সভা এপ্রিলে হবে উল্লেখ করে মইনুল বলেন, "এ নিয়ে নিজেদের কাজ (হোম ওয়ার্ক) করা দরকার। ইতিমধ্যে প্রায় সমস্ত সীমান্ত পিলার-অপদখলীয় জায়গা চিহ্নিত হয়েছে। এগুলোর বিষয়ে এখন সিদ্ধান্ত হওয়া দরকার।" নয়া দিল্লীতে সীমান্ত সম্মেলনে অপদখলীয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানান মইনুল ইসলাম। সীমান্তের অপদখলীয় জমির বেশিরভাগই খাস জানিয়ে বিডিআর প্রধান বলেন, "এসব খাস জমি সীমান্তের কাছে থাকা প্রকৃত কৃষকদের ইজারা দিলে সমস্যার অনেকটাই সমাধান হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২৫৭ ঘ.