সিলেট, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্তে গোলাগুলি ও বাংলাদেশি নাগরকি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর ঘটবে না।
রোববার দুপুরে জৈন্তাপুর সীমান্তের বিরোধপূর্ণ ডিবি হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএসএফ বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করলে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়। এর জবাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরও গুলি করে।
এ ঘটনায় সোমবার সিলেটের গোয়ানইঘাট উপজেলার তামাবিল সীমান্ত বিডিআর ও বিএসএফ'র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠক শেষে ২১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম সাংবাদিকদের বলেন, "গতকালের (রোববার) ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ডিবির হাওর এলাকা নিয়ে সৃষ্ট সমস্যা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারেও উভয়পক্ষ একমত হয়।"
বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর কোহিনুর আলম জানান, রোববার বিএসএফ'র গুলিতে বাংলাদেশের ১৩ জন বেসামরিক লোক আহত হওয়ার বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়।
বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন ২১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম। বিএসএফ পক্ষে বিএসএফ-১ ব্যাটেলিয়নের কমান্ডার শেখর গুপ্ত নেতৃত্ব দেন।
এর আগেও জৈন্তাপুর সীামন্তের ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তখন বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি জখমও হয়। এর পরিপ্রেক্ষিতে বিডিআর মহাপরিচালক জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন করেন।
শনিবার জেলার গোয়াইনঘাট উপজেলার পাদুয়া সীমান্তে বাংলাদেশের ভেতরে পরিখা খনন করে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
পরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) প্রতিবাদ করলে তারা ওই স্থান ছেড়ে চলে যায়।
এ ঘটনায় প্রতাপপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হয়।
সীমান্তে সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার নয়া দিল্লিতে চারদিনের বিডিআর-বিএসএফ সম্মেলন শেষ হয়।
মহাপরিচালক পর্যায়ে দুই বাহিনীর মধ্যে এ বৈঠকে সীমান্ত যখন-তখন বিএসএফ'র গুলি, নিরপরাধ বাংলাদেশিদের নিহত হওয়ার বিষয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24