২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও মাদারীপুরে জাটকা উদ্ধার, আটক ৮

চাঁদপুর শহরের মাছঘাট ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে রোববার দুপুরে পৃথক দু'টি অভিযানে জাটকাসহ সাত জেলেকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 07:32 PM

চাঁদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের মাছঘাট ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে রোববার দুপুরে পৃথক দু'টি অভিযানে জাটকাসহ সাত জেলেকে আটক করা হয়েছে। এছাড়া মেঘনায় মাছ ধরার সময় এক জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদারীপুর শহরের পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. খাজা মাসুম সাংবাদিকদের জানান, চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাট এলাকায় ৪০ মণ জাটকা ও ট্রলারসহ দুই জেলেকে আটক করে কোস্টগার্ড। এরা হলেন- জাহাঙ্গীর (৩০) ও কামাল (২৮)। এদের বাড়ি ভোলা জেলার দৌলতখান এলাকায়। তিনি জানান, আটককৃতরা জাটকা বিক্রির জন্য চাঁদপুর মাছঘাটে এনেছিল। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ ওই দু'জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চাঁদপুর সদর উপজেলার চরলগ্নিমারা এলাকায় মেঘনা নদীতে কারেন্ট জাল নামে পরিচিত ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় করিম নামের এক জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান। এ সময় চাঁদপুরের ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল উপস্থিত ছিলেন। হাইমচর উপজেলার তেলিরমোড় এলাকায় মেঘনায় অভিযান চালিয়ে জাটকা ভর্তি একটি ট্রলার আটক করে পুলিশ। হাইমচর থানার ওসি আবদুস সামাদ জানান, ভোলার দৌলতখান থেকে ট্রলারে করে জাটকার চালানটি চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এ ঘটনায় পাঁচ জেলেকে আটক করেছে। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ট্রলারে কি পরিমাণ জাটকা ছিল তা তিনি জানাতে পারেননি। মাদারীপুর: র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান সাংবাদিকদের জানান, পোস্ট অফিস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি পিকআপ ভ্যান আটক করে। এতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় জাটকাগুলো। এ ব্যপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জাটকাগুলো মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল হকের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার পিকআপ ভ্যানের চালক মো. জিয়া উদ্দিনকে (২৬) দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। ইলিশসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এই দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৭ ঘ.