ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ রাখা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। এজন্য খেলাধুলা চর্চার বিকল্প নেই। ভবিষ্যতে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিকাশে খেলার মাঠ রাখা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, স্কুলের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. মইনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কিত সব তথ্য মোবাইল ফোনে পাওয়ার সুবিধা সম্বলিত ওয়েবসাইটও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
বিদ্যালয়েরই সাবেক ছাত্র সফিউল আলম এ সফটওয়ার তৈরি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৭০০ ঘ.
bdnews24