ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়ি থেকে তিনটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে ওই ছাত্রকে।
গ্রেপ্তারকৃতের নাম আবদুর রহমান (২০)। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র।
রোববার সকালে মিরপুর ৭ নম্বর সেকশানের একটি বাড়ি থেকে রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর উপপরিচালক মেজর মো. তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "একটি ছিনতাইকারী চক্র মিরপুর এলাকায় নানা অপকর্ম ঘটাচ্ছে। এর সূত্র ধরে সকাল ১০টায় মিরপুর ৭ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের ৪০৬ নম্বর বাড়িতে আমরা অভিযান চালাই।"
বাড়ি থেকে রহমানকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে অস্ত্র আটক করা হয় বলে র্যাব জানায়।
মেজর তরিকুল বলেন, "বাড়ির ছাদের কবুতরের খোপ থেকে দুটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি পাওয়া যায়।"
তিনি বলেন, এ সব অস্ত্র ছিনতাইয়ের কাছে ব্যবহৃত হতো বলে রহমান স্বীকার করেছে।
রহমানের বাবা একটি বিমান সংস্থায় কাজ করেন বলে র্যাব জানিয়েছেন। ওই বাড়িতে রহমানের পরিবারও থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24