২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল বিক্রি রোববার ৬ ঘণ্টা বন্ধ

১৩ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখবে পাম্প মালিক-শ্রমিকরা। এ সময়ে চলবে না ট্যাংক লরিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ দফা দাবিতে রোববার ভোর ৬টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখবে পাম্প মালিক-শ্রমিকরা। এ সময়ে চলবে না ট্যাংক লরিও। পেট্রোল পাম্প ও ট্যাংক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতির এ কর্মসূচি ডেকেছে। তাদের দাবির অন্যতম হচ্ছে জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি। তবে ওই সময়ে সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ মোট ১৩ দফা দাবি পূরণে সরকার পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় আমাদের কর্মবিরতি শুরু হচ্ছে রোববার ভোর ৬টা থেকে। দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি চলবে।" কর্মসূচির সময় ট্যাংক লরিতে জ্বালানি তেল পরিবহন এবং পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানান তিনি। দাবিগুলো হচ্ছে - তেল বিক্রয়ের কমিশন ২ থেকে ৭ শতাংশ বৃদ্ধি, পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এবং লরির কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি 'হয়রানি' বন্ধ। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল বলেন, গত ১০ ফেব্রুয়ারি ১৩ দফা দাবি মেনে নিতে লিখিতভাবে জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এমআই/১৮৫৫ ঘ.