২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলের ভূমি জরিপ নিয়ে নিষ্ফল বৈঠক

পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিরসনে ভূমি জরিপ কার্যক্রম শুরুর ব্যাপারে বৃহস্পতিবারও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিরসনে ভূমি জরিপ কার্যক্রম শুরুর ব্যাপারে বৃহস্পতিবারও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রণালয়। পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় এদিন ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। গত ৮ মার্চ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ভূমি মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে পার্বত্যাঞ্চলের ভূমিবিরোধ নিষ্পত্তি করেই জরিপ শুরুর সুপারিশ করেন। তা না করাতেই তারা বৈঠকে অংশ নেননি বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। অবশ্য আগামী মধ্য এপ্রিলে পার্বত্য চট্টগ্রামে অনুষ্ঠেয় সভায় এ ব্যাপারে কৌশল নির্ধারণসহ ভূমি জরিপ কার্যক্রম শুরুর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। পার্বত্য চট্টগ্রামের ভূমি জরিপ কার্যক্রমের কৌশল নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সচিব আতাহারুল ইসলাম ও পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিবিরোধ দীর্ঘদিনের একটি সমস্যা। এ বিরোধ নিরসনে সরকার শিগগিরই জরিপ কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। তবে আজকের (বৃহস্পতিবার) সভায় কখন থেকে এবং কোন কৌশলে এ কার্যক্রম পরিচালনা করা হবে- তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি জানান, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এ ব্যাপারে আবারো সভা আহ্বান করা হবে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার যে কোনো একটিতে এ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব চূড়ান্ত করা হবে। এরপরই জরিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮১৪ ঘ.