ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ করা সার নিম্নমানের- এ অভিযাগ তুলে আশুগঞ্জ জিয়া কারখানা থেকে সার তোলা বন্ধ করেছে ডিলাররা।
ফলে বোরো মৌসুমে সাত জেলার কৃষকদের সার সঙ্কটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিলাররা বলছেন, চীন থেকে আমদানি করা এ সার জমির উর্বরতা শক্তি হ্রাস করে বলে কৃষকরা অভিযোগ করে আসছেন।
তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, ওই সারের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।
জিয়া কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জের ৭ শতাধিক ডিলার সার নিয়ে থাকে। বুধবার বিকাল থেকে তারা সার তোলা বন্ধ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সার ডিলার সমিতির সভাপতি রুহুল আমীন ভূইয়া বকুল সাংবাদিকদের বলেন, চায়না সার সম্পর্কে বার বার অভিযোগ করা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ তা সরবরাহ করছে।
"তাই বাধ্য হয়ে আমরা সার উত্তোলন বন্ধ করে দিয়েছি", বলেন তিনি।
কারখানার গুদামে ৩০ হাজার মেট্রিক টন চায়না সার রয়েছে জানিয়ে জিয়া কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল থেকে ডিলাররা সার তুলছে না।
সারের মান নিয়ে অভিযোগ নাকচ করে তিনি বলেন, "কারখানায় উৎপাদিত সারের পাশাপাশি ডিলারদের চায়না সার সরবরাহ করা হতো।"
দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদনে সক্ষম জিয়া থেকে ডিলাররা সার তোলা বন্ধ করায় উৎপাদিত সার রাখা নিয়ে সমস্যা দেখা দেবে বলে কারখানার কর্মকর্তারা বলছেন। অন্যদিকে ডিলারদের কাছে সার না পেয়ে বিপাকে পড়বে বোরো আবাদী কৃষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২১ ঘ.
bdnews24