২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের কথা লোকদেখানো নয়: স্পিকার

স্পিকার আবদুল হামিদ সোমবার বলেছেন, কাউকে ভয় দেখানোর জন্য নয়, তিনি সত্যিকার অর্থেই পদত্যাগ করার কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ সোমবার বলেছেন, কাউকে ভয় দেখানোর জন্য নয়, তিনি সত্যিকার অর্থেই পদত্যাগ করার কথা বলেছেন। গত বৃহস্পতিবারের অধিবেশনে আবদুল হামিদ সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, "আমি আমার মতো করে সংসদ চালাবো। আপনারা যদি মনে করেন আমার থাকার দরকার নেই, আই অ্যাম রেডি টু গো।" এসময় তিনি সাংসদের বলেন, "আর, আমি একটা কথা বলে দিতে চাই অসংসদীয় ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে।" বুধবার রাতে সংসদ অধিবেশন চলার সময় আওয়ামী লীগের এক সংসদ সদস্যের দিকে তেড়ে যান বিএনপি সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের পর ওয়াক আউট করে প্রধান বিরোধী দল। রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির মহিলা সংসদ সদস্য শাম্মী আক্তারের একটি মন্তব্যে বুধবারের ওই উত্তেজনার সূত্রপাত হয়। স্পিকারের বৃহস্পতিবারর বক্তব্যের পর বিরোধীদলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায়, "ভাল আচরণের কারণেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি পাঁচবার নির্বাচিত হয়েছি।" এ সময় তিনি প্রশ্ন করেন, "এতদিন পর এসে আমাদের আচরণবিধি শেখানোর স্পিকার কে?" এরপর জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে স্পিকার বলেন, "আমি কাউকে ভয় দেখাতে কিছু বলিনি। আমি যা বলেছি তা মিন করেই বলেছি।" রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের সময় ফেনী ২ আসনে বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, "আমি কাউকে শিক্ষা দিতে আসিনি। আমি কাউকে ভয়ও দেখাইনি। আমি এমন কোনো শক্তিশালী ব্যক্তি নই।" বিডিনিউজ টোয়েন্টিফোপর ডটকম/এসইউএম/পিডি/২১৪৫ ঘ.