২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে বিডিআর-বিএসএফ বৈঠক শুরু

সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লিতে চারদিনব্যাপি বিডিআর-বিএসএফ বৈঠক শুরু হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 07:21 PM

নয়া দিল্লি, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লিতে চারদিনব্যাপি বিডিআর-বিএসএফ বৈঠক শুরু হয়েছে সোমবার। বৈঠকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। ভারতের সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক রমন শ্রীবাস্তব। বিএসএফের অনুপ্রবেশ ও বিনাউস্কানিতে গুলি ছোড়ার বিষয়টি জেনারেল মইনুল আলোচনায় তুলবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় বিএসএফ গুরুত্ব দেবে সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসীদের এক দেশ থেকে আরেক ঢুকে পড়ার বিষয়টি। এধরনের প্রবণতা থামাতে বিএসএফ বিডিআর'র সহায়তা চাইবে বলেও ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়টি ভারতের জন্য দীর্ঘদিন ধরে চিন্তার বিষয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া মানব ও মাদকপাচার এবং সীমান্তে যৌথ টহলের বিষয়টি বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি। বিএসএফ'র মুখপাত্র বিজয় সিং বলেন, "গতবছরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো কত দূর বাস্তবায়ন হলো তাও এ বৈঠকে পর্যালোচনা করা হবে।" ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ায় সৃষ্ট টানাপোড়েনের বিষয়টিও বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ১১ মার্চ (মঙ্গলবার) বিডিআর ও বিএসএফ প্রধানের যৌথ সংবাদ সম্মেলন করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/পিডি/২১১৯ ঘ.