রাজশাহী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার রাজশাহীর কাটাখালী পৌর জামায়াতের নায়েবে আমির আফাজ উদ্দিনকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এদিকে ছাত্রশিবিরের আরো দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে জামায়াত নেতা আফাজ উদ্দিনকে রাজশাহী মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়।
শুনানি শেষে হাকিম আমিরুল ইসলাম আবেদন নামঞ্জুর করে।
তবে মামলার স্বার্থে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
শনিবার কাটাখালী এলাকা থেকে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ ফেব্র"য়ারি বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আরো দুই শিবিরকর্মী আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা, হলে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান।
গ্রেপ্তারকৃত রেজোয়ান আহমেদ ও শহীদুল ইসলাম দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি সাংবাদিকদের জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দীন কলা ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.
bdnews24