ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থপতি জয়ন্তী রেজা হত্যা মামলায় স্বামী আযম রেজার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ।
রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আযম রেজার দায়ের করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দেয় আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ড কমিয়ে আযম রেজাকে যাবজ্জীবন সাজা দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিলও খারিজ করে দেয় আদালত।
রোববার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই রায় দেয়।
২০০০ সালে সাংবাদিক এম সাদেকীনের মেয়ে জয়ন্তীর সঙ্গে অভিনেত্রী শম্পা রেজার ভাই আযম রেজার বিয়ে হয়। ২০০৪ সালে ৯ জানুয়ারি স্বামী আযম রেজা হাতে বনানীর বাসায় খুন হন স্থপতি জয়ন্তী রেজা।
ঘটনার পরদিন জয়ন্তীর মা নুসিন সাদেকীন গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই আযম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৫ সালের ১৪ জানুয়ারি জয়ন্তী হত্যা দায়ে স্বামী আযম রেজাকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি দ্রুত বিচার আদালত।
২০০৮ সালের ২১ জুলাই হাইকোর্ট আযম রেজার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
আপিল বিভাগে আযম রেজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একে বদরুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এসএম মুবিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৩১৮ ঘ.