Published : 27 Jun 2026, 06:55 PM
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও চার্জিং স্টেশনের অপ্রতুলতা বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) ব্যবহার বাড়ানোর অন্যতম বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
শনিবার ইভির ব্যবহার নিয়ে এক সেমিনারে তিনি বলেন, “বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। বৈদ্যুতিক প্রযুক্তিতে পরিচালিত যানবাহনের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
“বাংলাদেশে সরকার এ শিল্পের বিকাশে কর ও শুল্ক সুবিধাসহ বিভিন্ন নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও চার্জিং অবকাঠামো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণ এবং বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত করতে প্রণোদনা প্রদান করা প্রয়োজন।”
তার মতে, ইভির ব্যবহার বাড়াতে চার্জিং অবকাঠামো তৈরিতে পিপিপি মডেলের আওতায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের পাশাপাশি একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদী নীতিকাঠামো একান্ত অপরিহার্য।
ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে দেশে ৬০ লাখ থ্রি-হুইলার চালাচল করলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটি নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র ৬৬৯টি।
সম্ভাবনাময় এ খাতের বিকাশ নিশ্চিতকল্পে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি তোলেন তিনি।
সেমিনারে শিল্প সচিব আব্দুন নাসের খান বলেন, “এ খাতের নীতিমালার একটি খসড়া ইতোমধ্যে করা হয়েছে, যার ওপর আন্তঃমন্ত্রণালয়ের আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিকট থেকে মতামত গ্রহণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালার মূল লক্ষ্য, আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস করা এবং দেশের জ্বালানি সক্ষমতা বাড়ানো।”
সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ইভি খাতে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী সমন্বিত নীতিমালা প্রণয়নের আশ্বাস দেন তিনি।
ডিসিসিআই অডিটোরিয়ামে ডিসিসিআই ও বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়াল অ্যানার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক আমিনুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মোকছেদ আলী, পিডিবির প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের-বামা সভাপতি ও রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের-ইডকল সহ-সভাপতি তানভীর ইবনে বাশার এবং আকিজ মটরসের সিইও শেখ আমিন উদ্দিন।