ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে ব্যবসায়ীকে হত্যা করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক পান ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর প্রতিনিধি জানান, শুক্রবার রাতে ইসলামপুর উপজেলা সদরে ইউএনও'র বাড়ির সামনে সন্ত্রাসীর কবলে পড়েন কম্পিউটার ব্যবসায়ী শাহ শিখাইয়া বিন রোজ (২৫)। তিনি এক্সটেনশন কম্পিউটার কমিউনিকেশন সেন্টারের মালিক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, একটি ল্যাপটপে ত্র"টি সারানোর পর শাহ্ শিখাইয়া রাত ১১টার দিকে তার বাড়ি থেকে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় গুলি চালিয়ে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ শিখাইয়া ঘটনাস্থলেই মারা যায়। তার বাড়ি ইসলামপুরের মৌজাজাল্লা গ্রামে।
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
ইসলামপুর থানার ওসি খন্দকার ফেরদৌস আলম রাতে সাংবাদিকদের বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী প্রতিনিধি জানান, তানোর উপজেলায় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান পান ব্যবসায়ী শহীদ উদ্দিন (৪০)।
পাঁচন্দর ইউনিয়নের নোনাপুকুর এলাকায় তাকে হত্যা করা হয় বলে তানোর থানার ওসি বজলুর রশিদ সাংবাদিকদের জানান।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, শহীদ বৈদ্যপুর বাজারে পান বিক্রি করে ছেলে হাসান আলীকে (১০) নিয়ে তার বাড়ি ইলামদহী গ্রামে ফিরছিলেন। পথে নোনাপুকুর এলাকায় একদল দুর্বৃত্ত হাসানকে ধরে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে শহীদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে শহীদের মৃত্যু হয়।
ওসি বলেন, টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৪ ঘ.
bdnews24