ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভূমিকম্পকে স্ট্যান্ডিং অর্ডার অব ডিজাস্টারে (এসওডি) অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশমালা এক মাসের মধ্যে মন্ত্রী পরিষদে পাঠানো হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ যৌথভাবে দুইদিনব্যাপি ৩য় আন্তর্জাতিক আর্থকোয়াক সিম্পোজিয়াম আয়োজন করে।
সিম্পোজিয়াম শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, "ভূমিকম্পকে স্ট্যান্ডিং অর্ডার অব ডিজাস্টারে (এসওডি) অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশমালা এক মাসের মধ্যে মন্ত্রী পরিষদে পাঠানো হবে।'
এরপর এ সংক্রান্ত আইনটি সংসদে উত্থাপন করা হবে বলে জানান আব্দুর রাজ্জাক।
ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে জানিয়ে তিনি বলেন, "ইতোমধ্যে ঢাকা শহরের দুর্বল স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে। তাছাড়া সরকার ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কাজে ব্যবহারের জন্য ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনছে।"
দুর্যোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, "দেশে ভূমিকম্পের ঝুঁকি অনুধাবন করে ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে।"
বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, "ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মহানগরীতে ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ ভবন বেশি এবং সেগুলো চিহ্নিত করা হচ্ছে।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঢাকা শহরে রিখটার স্কেলে ৭ মাত্রায় ভূমিকম্প হলে অন্তত এক লাখ লোক হতাহত হতে পারে।'
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক টি এম আল হুসাইনী এবং বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুনাজ আহমেদ নূর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০১৩ ঘ.
bdnews24