২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ জনের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে একটি চামড়া প্রক্রিয়াজাত কারখানায় দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 05:07 AM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর হাজারীবাগে একটি চামড়া প্রক্রিয়াজাত কারখানায় দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। (আরো তথ্যসহ) বিষাক্ত গ্যাস ওই শ্রমিকদের মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- কারখানার শ্রমিক মো. সোলায়মান (৫৫), শাহ আলম (৪৫) ও দুলাল মিয়া (৪৫)। শুক্রবার সকাল ৭টায় এপেক্স ট্যানারির ওই দুর্ঘটনায় আরো নয়জন অসুস্থ হয়ে পড়ে। হাজারীবাগ থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, "রাসায়নিক পদার্থের সংমিশ্রণে বিষাক্ত কোনো গ্যাস উৎপন্ন হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।" অসুস্থদের প্রথমে সিকদার মেডিক্যাল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারখানার শ্রমিকদের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন এপেক্স ট্যানারির নির্বাহী পরিচালক (উৎপাদন ও বাজার) এম এ ওয়াজেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাতের পালার শ্রমিকরা ভুলক্রমে পাশাপাশি দুটো উডেন ড্রামের (যার মধ্যে চামড়ার প্রাথমিক প্রক্রিয়াজাত করা হয়) যেটিতে কেমিক্যাল মেশানোর কথা ছিল, তা না মিশিয়ে অন্যটিতে মিশিয়ে ফেলে। সকালের পালার শ্রমিকরা সেটি খোলা মাত্র বিষক্রিয়ায় আক্রান্ত হয়।" ট্যানারির ব্যবস্থাপক (প্রকৌশল) মো.আলী বলেন, "এসব উডেন ড্রামে তিনটি পর্যায়ে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। প্রথমে সকিং (লবণ দিয়ে পরিষ্কার), পরে লাইমিং (চুন দিয়ে) ও এরপরে ডি লাইমিং (সোডিয়াম সালফেট) করা হয়।" তিনি জানান, রাতের পালার শ্রমিকরা ভুলক্রমে অন্য ড্রামটিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক মিশিয়ে রাখায় সেখানে কার্বন-মনো-অক্সাইড সৃষ্টি হয়। সকালের পালার শ্রমিকরা ড্রাম চালু করে কোন একটি অসঙ্গতি আছে বুঝতে পেরে সেটি খোলে। সেখানে দাঁড়িয়ে থাকা তিনজন সঙ্গেসঙ্গে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। সে সময়ে ফ্লোরে থাকা শ্রমিকরা তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন বলে জানান আলী। নিহত শ্রমিকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান নির্বাহী ব্যবস্থাপক। ঘটনার সময় ফ্লোরে উপস্থিত শ্রমিক আলমগীর (৫০) বলেন, "প্রথমে আমরা বুঝতে পারি নাই কী হইছে। এর আগে এরকম কখনো ঘটে নাই। তিনজনকে পড়ে যাইতে দেখে আমরাও ছুটে যাই। কিন্তু নাকে গন্ধ (গ্যাস) যেতেই আমিসহ আরো কয়েকজন পড়ে যাই। অন্যরা এসে আমাদের সরিয়ে নেয়।" তিনি জানান, গুরুতর আহত তার মেয়ের জামাই শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হাজারীবাগের চামড়া শিল্প সাভারের স্থানান্তরে আদালতের নির্দেশ রয়েছে। এর আগে ফেব্র"য়ারির মধ্যে তা করার নির্দেশ থাকলেও সময়সীমা আরো ছয় মাস বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/পিডি/১৯০১ ঘ.