২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪টিতে সাদা, ২টিতে নীল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে ছয়টি পদের মধ্যে চারটিতেই জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী সাদা দল। বাকী দুটিতে জয়ী হয় আওয়ামী ও বাম সমর্থিত নীল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 07:41 PM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে ছয়টি পদের মধ্যে চারটিতেই জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী সাদা দল। বাকী দুটিতে জয়ী হয় আওয়ামী ও বাম সমর্থিত নীল দল। একাডেমিক পরিষদের ছয়টি পদের পাঁচটিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ ও বামপন্থী নীল ও গোলাপী দলের সম্মিলিত প্যানেল। ফাইন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি পদেও নীল ও গোলাপী দলের প্রার্থী জয়ী হয়। বৃহস্পতিবার বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান। সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১ হাজার ১১৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ২৪১ জন। সিন্ডিকেট নির্বাচনে ডিন ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে নীল ও গোলাপী দলের প্রার্থী কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম (রসায়ন বিভাগ), সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী পপুলেশন সায়েন্স বিভাগের ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং প্রভাষক ক্যাটাগরিতে নীল ও গোলাপী দলের প্রার্থী প্রাণিবিদ্যা বিভাগের জান্নাতুল ফেরদৌস বিজয়ী হয়েছেন। ফাইন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি পদে নীল ও গোলাপী দলের প্রার্র্থী একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী হন। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ^বিদ্যালয়ে কর্তব্যরত সব অধ্যাপক একাডেমিক পরিষদের সদস্য। সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে তিন জন এবং সহকারী ও প্রভাষকদের মধ্য থেকে তিন জন শিক্ষকের ভোটে নির্বাচিত হয়ে একাডেমিক পরিষদের সদস্য নির্বাচিত হন। একাডেমিক পরিষদের সদস্য পদে নীল ও গোলাপী দল থেকে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বিজয়ী প্রার্থীরা হলেন- ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ড. মোঃ কামাল উদ্দীন, ইতিহাস বিভাগের ড. আশফাক হোসেন ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ড. বিমান চন্দ্র বড়ূয়া। নীল ও গোলাপী দল থেকে সহকারি অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে বিজয়ী প্রার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুরাইয়া আক্তার, পদার্থ বিজ্ঞান বিভাগের ড. ইসতিয়াক মইন সৈয়দ। একাডেমিক পরিষদের সদস্য পদে সাদা দলের একমাত্র বিজয়ী প্রার্থী একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাজহারুল আনোয়ার। সর্বশেষ এ সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিন্ডিকেটে নির্বাচিত প্রতিনিধি থাকেন ৬ জন। ছয়টি ক্যাটাগরিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো হলো ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও প্রভাষক। নির্বাচন কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষ্যধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডককমকে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এ ব্যাপারে কোন দলের কোন আপত্তি নেই। সাদা দলের আহবায়ক অধ্যাপক সদরুল আমিন ও নীল দলের আহবায়ক অধ্যাপক আনোয়ার হোসেনও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০১২৩ ঘ.