খুলনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার তেরখাদা উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় একজন খুন হয়েছেন এক সেনা সদস্যের হাতে।
নিহত কবির শেখ (৬০) উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শহীদ ও রাজিব নামে দুইজনকে আটক করেছে।
তেরখাদা থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির শেখের ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে কুমিল্লা সেনানিবাসে কর্মরত ল্যান্স নায়েক অহিদুজ্জামান মোল্লা দেড় লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পরও তা করেননি অহিদুজ্জামান।
কয়েকদিন আগে অহিদুজ্জামান বাড়ি এলে কবির টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিকালে কবির লোকজন নিয়ে অহিদুজ্জামানকে মারধর করেন।
এর জের ধরে সন্ধ্যায় অহিদুজ্জামানও লোকজন নিয়ে কবিরকে মারধর এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
অহিদুজ্জামন পলাতক রয়েছেন। আটক দু'জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24