২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু বৃত্তি' ফের চালু

বিজ্ঞান ও প্রযুক্তিতে দুশ' শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রির সুযোগ করে দিতে পুনরায় চালু হচ্ছে বঙ্গবন্ধু বৃত্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান ও প্রযুক্তিতে দুশ' শিক্ষার্থীকে উচ্চতর ডিগ্রির সুযোগ করে দিতে পুনরায় চালু হচ্ছে বঙ্গবন্ধু বৃত্তি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয়। একনেক সভাশেষে পরিকল্পনা সচিব হাবিব উল্লাহ মজুমদার এতথ্য জানিয়ে বলেন, "বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি- নামে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা।" এর অধীনে দেশের দুশ' শিক্ষার্থীকে এমএস, এমফিল ও পিএইচডি করার জন্য ফেলোশিপ দেওয়া হবে বলেও জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকার ১৯৯৯ সালে এ প্রকল্প শুরু করলেও বিএনপি-জামায়াত জোট সরকার এসে তা বন্ধ করে দেয়। পরিকল্পনা সচিব জানান, প্রকল্পটি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এদিন ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩৫৯ কোটি টাকা। এরমধ্যে ৭৭৬ কোটি টাকা দেবে সরকার। ঘূর্ণিঝড় বিধ্বস্ত পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় 'কৃষিখাত সহায়তা কর্মসূচি-২' (এএসপিএস-২) প্রকল্পে ৪২৬ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক ও হাটবাজারসহ অবকাঠামো উন্নয়ন করবে স্থানীয় সরকার বিভাগ। পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করার (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ৬৪ কোটি টাকা ব্যয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'বাংলাদেশ শিশু একাডেমীর ৬টি জেলা শাখায় কমপ্লেক্স নির্মাণ' প্রকল্প, ১৬৯ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের 'রিহ্যাবিলিটেশন অ্যান্ড অগমেন্টেশন অব ডিসট্রিবিউশন নেটওয়ার্ক অব ডিপিডিসি' এবং ৫৯৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের 'আপগ্রেডিং অ্যান্ড এক্সপান্ডিং ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন গুলশান সার্কেল (প্রথম সংশোধিত) প্রকল্প। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক-র সভা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এজে/জিএনএ/১৮২৬ ঘ.