সিলেট, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিরোধপূর্ণ ডিবির হাওরে মাছ ধরা ও পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)।
সোমবার কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকে এ অনুরোধ করা হয়।
বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর কোহিনুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসএফ ডিবির হাওরে মাছ ধরার কথা বলেছিল। কিন্তু সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে আমরা তা থেকে বিরত থাকতে অনুরোধ করেছি।
সীমান্ত পরিস্থিতি এখন শান্ত উল্লেখ করে তিনি জানান, বিরোধপূর্ণ এ জমি পরিদর্শনে মঙ্গলবার বিডিআর মহাপরিচালকের সিলেট আসার কথা।
ডিবির হাওরে মাছ ধরা নিয়ে রোববার বিডিআর-বিএসএফের মধ্যে গুলিবিনিময় হয়।
সোমবার ২০ মিনিটের বৈঠকে বিডিআর'র নেতৃত্ব দেন জৈন্তাপুর ফাঁড়ির কোম্পানি কমান্ডার জহিরুল হক।
বিএসএফ'র নেতৃত্ব দেন মুক্তারপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মি. হরি।
হাওরে মাছ ধরা নিয়ে জৈন্তাপুর সীমান্তে গত ৪ ফেব্র"য়ারি থেকে বিডিআর-বিএসএফ একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
গত ১৪ ফেব্র"য়ারি বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হন।
এ ঘটনায় ১৭ ফেব্র"য়ারি বিডিআর-বিএসএফ'র উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক হয়।
এর দুদিন পর হাওরে মাছ ধরা নিয়ে বিডিআর-বিএসএফ আবার মুখোমুখি অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯০৭ ঘ.
bdnews24