ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাম পরিবর্তন এবং শৃঙ্খলা ভঙ্গের শাস্তির মাত্রা বাড়িয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জন্য প্রস্তাবিত নতুন আইন নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
একইসঙ্গে খসড়া আইনের খুঁটিনাটি বিশ্লেষনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটি নীতিগত অনুমোদনের পর কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
গত বছর বিডিআর বিদ্রোহে ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হওয়ার পরই নতুন আইনের উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা 'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২০১০' আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
এটা চূড়ান্তভাবে অনুমোদিত হলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বাহিনীর নতুন নাম হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জলপাই ও খয়েরি রঙের মিশেলে তৈরি বর্তমান পোশাকের স্থলে নতুন পোশাকের রঙ হবে কালো খয়েরি ও ছাই রঙের সংমিশ্রণে। বিডিআর আইনেও বিদ্রোহের সর্বোচ্চ সাজা থাকলেও নতুন আইনে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, "২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর সদর দপ্তরে যে জঘন্য ঘটনা ঘটেছে, তার বিচারে বিডিআরের প্রচলিত আইনটি যথেষ্ট ছিলো না। ফলে ওই আইনে বিচারের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।
"ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা এবং এড়াতে কঠোর ও শক্তিশালী আইনের প্রয়োজন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন। কারণ তিনি চান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সব হত্যাকাণ্ডেরই বিচার হোক।"
সচিব বলেন, বিডিআর পুনর্গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এ কারণেই নতুন এ আইন আনা হয়েছে। এ বিষয়ে গঠিত কমিটির প্রস্তাবনাই চূড়ান্ত করা হবে।
আইনের খুঁটিনাটি বিশ্লেষনে গঠিত কমিটিতে প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা রয়েছেন। তারা হলেন- সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিব।
মন্ত্রিসভার সোমবারের সভায় জাতীয় শিশু শ্রম নিরসন নীতি-২০১০ নীতিগত অনুমোদন এবং পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন-২০০৯ এর সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেসসচিব জানান।
ক্রয় নীতিমালার নতুন সংশোধনীর ফলে মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত কেনার ক্ষমতা পেলো। এর আগে মাত্র ৫০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব ক্ষমতাবলে ব্যয় বা কেনার ক্ষমতা ছিল মন্ত্রণালয়গুলোর।
এছাড়াও সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানান আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এমআই/১৫০০ ঘ.
bdnews24