২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু

বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে পাঁচ দিনব্যাপী উৎসব রোববার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:01 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

কুষ্টিয়া, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে পাঁচ দিনব্যাপী উৎসব রোববার শুরু হয়েছে। উৎসব উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়া বাড়ি (লালন একাডেমি) চত্বরে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে বৃহস্পতিবার মাঝ রাত পর্যন্ত। রোববার সন্ধ্যায় স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য সুলতানা তরুণ। লালন একাডেমির সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শাহাবুদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিক হার রহমান, লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী। অনুষ্ঠানে সাংসদ সুলতানা তরুণ বলেন, লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী ও আধ্যাত্মিক পুরুষ। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তার কাছে ধর্ম-বর্ণের কোন ভেদাভেদ ছিল না। লালনকে স্মরণ করতে হবে। শিক্ষা নিতে হবে তার আদর্শ ও দর্শন থেকে। আলোচনা শেষে সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কয়েকজন বাউল ও লালন একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সরজমিন ঘুরে দেখা গেছে, লালন একাডেমির সামনে কালি নদীর পাড়ে বিশাল প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আসা লালন ভক্ত-অনুসারী ও বাউলরা জড়ো হয়েছেন। একাডেমির নিচ তলায় রয়েছেন প্রবীণ বাউলরা। এই ভক্ত-অনুসারীরা গান গেয়ে, ধ্যানে মগ্ন থেকে এবং লালনের জীবনযাত্রা নিয়ে আলোচনা করে গুরুকে স্মরণ করছেন। রাজশাহীর তালাইমারি থেকে আসা ফকির হান্নান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লালনের প্রতি ভালোবাসার টানে প্রতি বছরই এখানে ছুটে আসি। জগতের সমস্ত কিছু ভুলে গুরুর আর্শিবাদ পাওয়ার চেষ্টা করি। এখানে এলে নতুন পুরাতন অনেকের সাথে ভাব বিনিময়ও হয়।" লালন মেলায় প্রায় দুই শতাধিক স্টল রয়েছে। সেখানে বিভিন্ন পণ্যসামগ্রীসহ খাবারের দোকান রয়েছে। প্রথমদিনই মেলায় ছিল উপচে পড়া ভিড়। ফকির লালন শাহ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার তিথিতে প্রতি বছর দোল উৎসব পালন করতেন। এর ধারাবাহিকতায় তার মৃত্যুর পরও প্রতি বছর এই উৎসব হয়। একই সঙ্গে স্মরণ করা হয় মরমী এই বাউল সাধককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.