২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর

সরকারি ছুটির দিনে কাজ করানোর প্রতিবাদে এবং বেতন ও টিফিন ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজিপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - সরকারি ছুটির দিনে কাজ করানোর প্রতিবাদে এবং বেতন ও টিফিন ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজিপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। রোববার সকালে সদর উপজেলার কোনাবাড়ি এলাকার ইসলাম নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা 'লে অফ' ঘোষণা করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবীর ছুটি না দেওয়ায় শ্রমিকরা ওই দিন বিকালে কর্মবিরতি পালন করে। এছাড়া তারা শতকরা পনের ভাগ বেতন বৃদ্ধি, টিফিন ভাতা সাত টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা, শ্রম আইন অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। পরে কারখানা কর্তৃপক্ষ মালিকের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়। রোববার সকালে শ্রমিকদের ওইসব দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আবারো আলোচনায় বসে সময় চায়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়। এসআই আজহার জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার সাতটি গাড়ির কাচ, জানালার কাচ, ডায়িং মেশিন, নিটিং মেশিন, বিভিন্ন কক্ষের আসবাব, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে শ্রমিকরা সরে পড়ে। কারখানায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। কারখানার মালিক ও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগস্ট মাসে কারখানায় একবার বেতন-ভাতা বাড়ানো হয়েছে। কোন মাসের বেতন বকেয়াও নেই। বছরে ১৩ দিন ছুটি দেয়া হয়। তিনি দাবি করেন, ঈদে মিলাদুন্নবীর ছুটির অজুহাতে পরিকল্পিতভাবে কারখানা ভাংচুর করা হয়েছে। এতে প্রায় ৩০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আতিকুল ইসলাম বলেন, "কারখানা 'লে অফ' ঘোষণা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৪ ঘ.