২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুর সীমান্তে ফের গোলাগুলি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিডিআর'র আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

সিলেট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিডিআর'র আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। জৈন্তাপুরের ডিবির হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে রোববার বিকালে দুপক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। হাওরে মাছ ধরা নিয়ে জৈন্তাপুর সীমান্তে গত ৪ ফেব্র"য়ারি থেকে বিডিআর-বিএসএফ একাধিকবার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গত ১৪ ফেব্রুয়ারি বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত জখম হন। এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি বিডিআর-বিএসএফ'র উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক হয়। এর দুদিন পর হাওরে মাছ ধরা নিয়ে বিডিআর-বিএসএফ আবার মুখোমুখি অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শী ও বিডিআর কর্মকর্তারা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১২৮৪ নম্বর পিলারের অন্তত ৪০০ গজ অভ্যন্তরে জৈন্তাপুরের ডিবির হাওরে সকাল নয়টায় বিএসএফ'র সহায়তায় একদল ভারতীয় মাছ ধরতে নামে। সীমান্ত অতিক্রম করায় ওই এলাকায় টহলরত ২১ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা বিএসএফকে বাধা দেয়। কিন্তু বিএসএফ বাধা উপেক্ষা করে ডিবির হাওরপাড়ে অবস্থান নিলে টহলরত বিডিআর জওয়ানরা এলাকা ত্যাগ করেন। বিএসএফের সহযোগিতায় বিকাল প্রায় তিনটা পর্যন্ত মাছ ধরে ভারতীয়রা। তারা চলে যাওয়ার পর বিএসএফ হঠাৎ করে বিডিআর ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিডিআরও পাল্টা গুলি ছুড়ে। বিকাল ৫টা পর্যন্ত পাল্টাপাল্টি গুলিবর্ষণ চলে। এ সময় ডিবির হাওরসহ জৈন্তাপুর সীমান্ত এলাকার পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকার বিভিন্ন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী অনেকে বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নেয়। বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর মো. কোহিনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসএফ'র প্রত্যক্ষ সহযোগিতায় ভারতীয় খাসিয়া জনগোষ্ঠির কিছু লোক ডিবির হাওর থেকে মাছ ধরে নিয়ে গেছে। এরপর বিকাল তিনটা ১০ মিনিটের দিকে বিডিআর জওয়ানদের লক্ষ্য করে বিএসএফ গুলিও করে। গুলি ছোড়ে এর জবাব দেয় বিডিআর। তিনি জানান, বিডিআর জওয়ানরা প্রায় সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে গুলি ছুড়ে। কিন্তু বিএসএফ একনাগাড়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত গুলি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.