যশোর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের ষষ্টিতলা এলাকায় সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর বাড়ির সামনে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে এ ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। একইদিন শহরের কাজিপাড়ায় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ বলছে, শহরের মিশন পাড়ার দুটি দলের মধ্যে উত্তেজনার কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে।
রোববার আবারো কাজিপাড়ায় দু'গ্র"পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ সাংবাদিকদের বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাংসদ খালেদুর রহমান টিটোর বাড়ির সামনে দুটি বোমা নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।
ওসি জানান, শুক্রবার বিকালে শহরের মিশনপাড়ার গোলাম হোসেন ওরফে সনি একই এলাকার রাসেলকে ছুরিকাঘাত করে। রাসেলের সহযোগীরা ছুরি কেড়ে নিয়ে সনিকে পাল্টা আঘাত করে।
স্থানীয়রা সনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি জানান, ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় দু'গ্র"পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার দুপুরে সনির সহযোগীরা দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় মিশনপাড়ায় মহড়া দেয়। তারা রাসেলকে খুঁজতে থাকে। না পেয়ে ফিরে আসার সময় ৫টি বোমার বিস্ফোরণ ঘটায়।
রোববার রাসেলের সহযোগীরা ধাওয়া করে সনির লোকজনকে। দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24