২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 12:27 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের আরো পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন। আটককৃতরা হলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের আবু জাহিদ, তড়িৎকৌশলের চতুর্থ বর্ষের খোরশেদ আলম ও শামীম আহমেদ, দর্শন বিভাগের সাবেক ছাত্র ও শামসুজ্জোহা হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ শাহিন এবং মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের স্থানীয় শিবির সমর্থক আব্দুর রশিদ। ওসি জানান, শনিবার সন্ধ্যায় মতিহার থানা এলাকার মির্জাপুর দক্ষিণপাড়া থেকে রশিদকে আটক করা হয়। রাত ৯টার দিকে রুয়েট ক্যাম্পাস থেকে আটক করা হয় জাহিদ, খোরশেদ ও শামীমকে। রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করা হয় শাহিনকে। রাবিতে হামলা ও খুনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের সময় ছাত্রলীগকর্মী গণিত বিভাগের ফারুক হোসেনকে খুন করা হয়। পরদিন ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই শিবির নেতাকর্মীরা হলে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মীকে আহত এবং চার ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। বর্তমানে তিন ছাত্রলীগ কর্মী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব ঘটনায় রাজশাহী মহানগরের মতিহার থানায় করা ছয়টি মামলায় মহানগরের তিন জামায়াত নেতাসহ শতাধিক জামায়াত-শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২২ ঘ.