২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও হবিগঞ্জে দুজন খুন

হবিগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 12:25 PM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহীর পুঠিয়া উপজেলায় খুন হয়েছেন আরেক গৃহবধূ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: হবিগঞ্জ: সদর উপজেলার উত্তর রায়ধর গ্রামে বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করা হয় বকুল চানকে (৩০)। এ ঘটনায় গ্রামের জুনায়েদ (৩২) নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের ধারণা পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।" সদর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, উত্তর রায়ধর গ্রামের মো. সাহাব উদ্দিন ছেলেকে নিয়ে পাশের দীঘলবাক গ্রামে ওয়াজ মাহফিলে যান। রাত ২টার দিকে তারা বাড়ি ফিরে ঘরের পেছনের দরজার সামনে বকুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। রাজশাহী: পুঠিয়ায় থানার ওসি আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে উপজেলার মধুখালি গ্রামের সিদ্দিক হোসেন কয়েকজন সহযোগী নিয়ে সঙ্গে স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে ছেলে মহিদুল ইসলাম বাড়ির পাশের একটি বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি জানান, মহিদুল তার বাবা সিদ্দিকসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.