ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুরের কচুয়ায় ঘর চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধা। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বাস করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান, মধ্যরাতে ব্যাপক শিলাবৃষ্টিতে সদর উপজেলার ১১টি গ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান কমপক্ষে তিন কোটি টাকা হতে পারে বলে কৃষি কর্মকর্তারা জানান।
জেলার সিংড়া, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও লালপুরেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিমান জানা যায়নি। শিলার আঘাতে সদর উপজেলার রামপুর গ্রামে কয়েকশ' পাখি মারা গেছে।
জেলা কৃষি কার্যালয় জানায়, বুধবার গভীর রাতে হঠাৎ ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। ১০ মিনিটের শিলাবৃষ্টিতে বিভিন্ন উপজেলার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মাঠের পাকা মসুর, মটর, ধান, গম, সরিষা, রসুন, পেঁয়াজ ও আমের মকুলের ক্ষতি হয়েছে। অধিকাংশ জমির এসব ফসল মাটিতে মিশে গেছে।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিলা পারভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলার বড় হরিশপুর ও হয়বতপুর ইউনিয়নের ১১টি গ্রামের শতভাগ উঠতি ফসল নষ্ট হয়েছে। সরেজমিন ঘুরে দেখেছি, শিলাবৃষ্টিতে প্রায় তিন কোটি টাকা মূল্যের ফসলের ক্ষতি হয়েছে।"
উপজেলার রামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, "শিলার আঘাতে আমাদের গ্রামে বিভিন্ন প্রজাতির কয়েকশ' পাখি মারা গেছে। সকালে মারা যাওয়া পাখি কুড়িয়ে আমরা মাটি চাপা দিয়েছি।"
চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা বুধবার রাতে ঝড়ে শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে কচুয়ার সহদেবপুর ইউনিয়নের মাছুয়া গ্রামে ঘর চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম ফুলমতিন্নেছা (৭৫)।
এছাড়া মাছুয়া গ্রামের ১৮টি পরিবারের ৫০টি ঘর এবং সাদিপুরা-চাঁদপুর গ্রামের ১৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, "সহদেবপুরে ঝড়ে ঘর চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর শুনেছি। এছাড়া রাতে সেখানে শিলাবৃষ্টিও হয়েছে।"
হাজীগঞ্জ উপজেলার বদরপুর ও টোরাগড় এলাকায় বুধবার রাতে ঝড়ে ৪৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন বদরপুর গ্রামের চারজন। তাদের পরিচয় জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বাস করছে।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কিছুই নেই। তিনি এখন অসহায় অবস্থায় আছেন।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাতের টর্নেডোয় পৌর এলাকার বদরপুরে ৩০টি ও টোরাগড় এলাকায় ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।"
ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে জনপ্রতি পাঁচশ' করে ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে তিনি জানান।
চাঁদপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. মোস্তফা জানান, ঝড়ের কারণে বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে বুধবার বিকাল পৌনে ৬টা থেকে আধা ঘণ্টা স্থায়ী শিলাবৃষ্টি ও ঝড় হয়। পরে রাতেও বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শিলাবৃষ্টিতে টঙ্গীবাড়ি উপজেলায় একশ' হেক্টর, সিরাজদিখান উপজেলায় ১২শ' হেক্টর এবং সদর উপজেলায় ৫৫০ হেক্টর জমির আলুগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলায় ১১০ হেক্টর জমির ও টঙ্গীবাড়ির ৫০ হেক্টর জমির। এর মধ্যে ১৬ হেক্টর জমির সবজি পুরোপুরি নষ্ট হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৮ হেক্টর জমির তামাক নষ্ট হয়েছে।
সরকারি হিসাবে একথা জানানো হলেও ক্ষতির পরিমাণ আরো বেশি বলে দাবি জানাচ্ছেন কৃষকরা।
জেলায় এবার রেকর্ড ৩৬ হাজার ৬শ'৭০ হেক্টরে জমিতে আলুর আবাদ হয়েছে। এর বেশিরভাগ জমির আলুর পরিপক্কতা আসায় এবং আলু মাটির নিচে থাকায় ক্ষতি কম হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক একেএম আমিনুর রহমান।
শিলাবৃষ্টিতে বোরো ধানের তেমন ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, "তবে আমের বোলের ক্ষতি হয়েছে।"
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন বলেন, "আর বৃষ্টি না হলে জমি শুকানোর সুযোগ পেলে আলুর জমিতে ক্ষতি কম হবে বলেই আশা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24