নওগাঁ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরে বৃহস্পতিবার ছিনতাইকারীর হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
পুলিশর গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা বেলাল হোসেন (৪০) সরকারি বিএমসি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন বলে নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
বেলালের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ বোয়ালমারী গ্রামে।
ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আড়াইটায় সরকারি বিএমসি মহিলা কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও লাঠির আঘাতে এএসআই (সহকারী উপপরিদর্শক বেলাল গুরুতর জখম হন।"
খবর পেয়ে বেলালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় সেখানেই তার মৃত্যু হয় বলে পুলিশ কর্মকর্তা আমিনুল জানান।
তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে নির্বাচিত হয়ে বেলাল এক মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার রাতে কর্মস্থলে ফিরেই ছিনতাইকারীর কবলে পড়েন।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ নওগাঁ শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৫ ঘ.
bdnews24