ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বিচার কক্ষ, হাজতখানা, নিরাপত্তা কক্ষসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে সরকার।
অবকাঠামো নির্মাণে সরকারের এক বছরেরও বেশি সময় লেগেছে।
বুধবার পুরানো হাইকোর্ট ভবনে অবকাঠামো উদ্বোধন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
যুদ্ধাপরাধীদের বিচারে নির্ধারিত ভবনটি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রধান বিচারপতির এজলাস হিসেবে ব্যবহার হতো। পরে এটি আইন কমিশন এবং জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিস হিসেবে ব্যবহার হয়েছে।
সিঁড়ি ভেঙ্গে দোতলা ওঠার মুখে বেশ বড় হরফে লেখা হয়েছে 'আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল'।
এজলাস কক্ষের ভেতরের একটি কক্ষ ট্রাইব্যুনাল চেয়ারম্যান এবং এজলাসের পাশের দুটি কক্ষ ট্রাইব্যুনালের সদস্যদের জন্য রাখা হয়েছে।
দুই তলা ভবনের নিচ তলার প্রবেশ দরজার বাম পাশের প্রথম কক্ষটি বরাদ্দ হয়েছে 'নিরাপত্তা কক্ষ' হিসেবে। ডান পাশের কক্ষে রয়েছে অভ্যর্থনার ব্যবস্থা। এর ঠিক পাশের কক্ষটি চিফ প্রসিকিউটর এবং তার পরের কক্ষটি মিডিয়ার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্তদের রাখতে তৈরি হয়েছে ২০ জনের ধারণক্ষমতার একটি হাজতখানা।
হাজতখানার পাশের কয়েকটি কক্ষ বরাদ্দ হয়েছে রেকর্ড রুম, আইটি রুম, চিফ ইনভেস্টিগেটর এবং রেজিস্টারের জন্য।
দোতলায় বামে তৈরি হয়েছে বিচারের জন্য বড় আকারের এজলাস কক্ষ। এখানে আসামিদের কাঠগড়া, সাংবাদিক, অতিথি, দুই পক্ষের আইনজীবীদের বসার স্থান রাখা হয়েছে।
এছাড়াও বারান্দার আয়তনের একটি স্থান রাখা হয়েছে বিচার কাজ দেখতে আসা বিদেশিদের জন্য।
স্থাপনা উদ্বোধন করে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এই অবকাঠামোর কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারিনি।"
এখন তদন্ত সংস্থা, প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দিলেই বিচার কাজ শুরু হয়ে যাবে বলে জানান তিনি।
কবে এ নিয়োগ দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "সহসাই।"
গত এক বছর ধরেই আইনমন্ত্রী বারবার বলছেন সহসাই নিয়োগ দেওয়া হবে।
আসলে কবে নিয়োগ হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "আশা করছি মার্চ মাসে এই প্রক্রিয়া শেষ করে এপ্রিলে বিচার কাজ শুরু করা হবে।"
উদ্বোধনের সময় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রলণালয়ের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশিদ, সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, সদস্য সচিব হারুনুর রশিদ, আবু ওসমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ।
কবে তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "শিগরিই নিয়োগ দেওয়া হবে।"
পরিকল্পনামন্ত্রী বলেন, "প্রস্ততি নিতেই ১৩ মাস চলে গেল। এখন অন্য কাজগুলো দ্রুত শেষ করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলেই জাতি কলংকমুক্ত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯১০ ঘ.
bdnews24