ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে মঙ্গলবার রাতে দুটি হাতে তৈরি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গুলশান পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সেখানে দুটি পটকা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় কেউই আহত হয়নি।"
তবে বিএনপি দাবি করেছে, দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আবদুল হামিদ পবন এ ঘটনায় আহত হয়েছেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি লাল রঙের জিপ গাড়ি থেকে বিরোধী দলীয় নেতার কার্যালয় লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বোমা দুইটি ফেটে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে ফেলে।
তিনি আরও বলেন, প্রথম বোমাটি নিক্ষেপের মুহূর্তে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় পবন আহত হন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে আহতাবস্থায় তাকে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মারুফ কামাল জানান, ঘটনার সময়ে বিরোধী দলীয় নেতা ওই কার্যালয়ে অবস্থান করছিলেন।
গত সাপ্তাহে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ের সামনে দুইটি স্কচটেপ মোড়া বস্ত পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/২৩০৫ ঘ.
bdnews24