২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রাবি শিক্ষকসহ আটক ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যায় জড়িত সন্দেহে পুলিশ নাটোর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ১০ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

নাটোর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যায় জড়িত সন্দেহে পুলিশ নাটোর থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ১০ জনকে আটক করেছে। নাটোর শহরের কানাইখালি মহল্লার সাহারা প্লাজায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় থেকে সোমবার বিকালে তাদের আটক করা হয়। এরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, নাটোরের বিলহালতি ত্রিমোহনী কলেজের প্রভাষক শাহজালাল হোসেন, নাটোরের আহম্মদপুর শহীদ জিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক আবুল হাশেম ও কাঠালবাড়িয়া দাখিল মাদ্রাসার সাদরুল উলা, ফাইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমাকর্মী বদিউজ্জামান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, সৈয়দ আলী ও আনসার আলী। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যায় জড়িত থাকতে পারে। তারা বীমা কর্মকর্তা কর্মচারী পরিচয়ে ওই অফিসে গোপন সভা করছিলেন। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কি না তা যাচাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, "এরা সবাই জামাত-শিবিরের নেতা-কর্মী। তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।" আটক সবাই থানায় রয়েছেন। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাটোর জেলা ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, "অফিসে মাসিক সমন্বয় সভা চলাকালে কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে বেদম মারধর করে। "সদর থানায় খবর দিলে পুলিশ এসে সন্ত্রাসীদের আটক করার পরিবর্তে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে যায়।" আটক সবাই তাদের বীমা কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক বলে দাবি করেন তিনি। জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, "আমাদের কোনো কর্মী এ ঘটনায় জড়িত ছিল না।" জেলা ছাত্র শিবির সভাপতি নাছির উদ্দিন বলেন, "আটকদের মধ্যে একজনও ছাত্রশিবিরের নেতাকর্মী নয়।" গত ৮ ফেব্রুয়ারি রাতভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা গেছেন। এরপর রাজশাহী মহানগর জামায়াতের আমির আতউর রহমানসহ রাজশাহীতে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.