২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠ পোড়ানোয় নাছিমের ভাইয়ের ইটভাটাকে জরিমানা

অবৈধভাবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে মাদারীপুরের চারটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 09:00 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে মাদারীপুরের চারটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের ভাইয়ের একটি ইটভাটাও রয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মহিষাচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড করা হয়। অভিযানে সহায়তা করে র‌্যাব। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর হাসান সাংবাদিকদের জানান, জেলা প্রশাসনের উদ্যোগে হাকিম সৈয়দ ফারুক আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। চারটি ইটভাটা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় হয়। নাছিমের ছোট ভাই খালিদ হোসেন ইয়াদের মালিকানার কেএসবি ব্রিকসকে ২৫ হাজার, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আলমগীর খানের অগ্রণী ব্রিকসকে ২৫ হাজার, রশিদ গৌড়ার মালিকানাধীন অপর দুটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব কর্মকর্তা হাসান জানান, অভিযানের সময় বৃষ্টি শুরু হওয়ায় অন্য ভাটাগুলোতে যাওয়া সম্ভব হয়নি। তবে এ অভিযান আগামীতেও চলবে। ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ, সেখানে ইট পোড়াতে কয়লা ব্যবহারের অনুমতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.