২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় অস্ত্র উদ্ধার

গাজীপুর, সিলেট ও পাবনায় পৃথক পৃথক অভিযানে মঙ্গলবার বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 03:57 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গাজীপুর, সিলেট ও পাবনায় পৃথক পৃথক অভিযানে মঙ্গলবার বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশ তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। সিলেট নগরীর কাজিটোলা এলাকার রকিব শাহ মাজার রোডের একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। পাবনা সদর উপজেলার কদমতলী গ্রামে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) আস্তানায় হানা দিয়ে চারটি বিদেশি রিভালবার উদ্ধার করেছে র‌্যাব। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার টানবড়ইবাড়ি এলাকায় মঙ্গলবার ভোররাত রাত সাড়ে ৩টার দিকে সড়কের পাশে গাছের নিচে রুমালে পেচানো একটি বস্তু উদ্ধারা করে পুলিশ। রুমালে তিন রাউন্ড গুলিভরা একটি পিস্তল পাওয়া যায়। ওসি জানান, তারা ধারণা করছেন বহিরাগত অপরাধীরা নাশকতার উদ্দেশ্যে পিস্তলটি নিয়ে এলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই স্থানে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার ওই থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সিলেট: সিলেট কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজিটেলা এলাকার রকিব শাহ মাজার রোডে একটি ডাস্টবিনের পাশে চটের ব্যাগে মোড়ানো একটি কাটা রাইফেল দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে। তিনি জানান, অস্ত্রটি চীনের তৈরি। পাবনা: র‌্যাব-৫ পাবনা ক্যাম্পের সহকারী পরিচালক কাজী আখতার উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার কদমতলী এলাকার জনযুদ্ধের ক্যাডাররা কিছু নতুন অস্ত্র কিনছে- গোপনে এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাব কর্মকর্তা জানান, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জনযুদ্ধের ক্যাডাররা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বিদেশি রিভালবার ও জনযুদ্ধের কিছু বই-পুস্তক উদ্ধার করে র‌্যাব সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৪ ঘ.