চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনের জুম-চট্টগ্রাম আইসিটি ফেয়ার।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী দুপুরে একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, "তথ্যপ্রযুক্তি অনেক এগিয়ে গেলেও আমরা পিছিয়ে পড়ছি। এ ক্ষেত্রকে এগিয়ে নিতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।"
অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপেইস ম্যানেজমেন্ট এ মেলার আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমপেইসের পরিচালক কামরুল আহসান।
এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, সিটিসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফাহিম, খান জাহান আলী কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক প্রমুখও বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, মেলায় ৪৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ক্রেতারা বিশেষ ছাড়ে বিভিন্ন পণ্য কিনতে পারবেন।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। তবে শিক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে বিনা টিকিটে মেলায় প্রবেশ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/২১৫০ ঘ.
bdnews24