২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএলআরআই জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে

দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা হচ্ছে। এসব অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তার বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলা দায়েরের একটি প্রস্তাব গত সপ্তাহে অনুমোদন দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মন্ত্রীর অনুমোদনের পর এ সংক্রান্ত একটি আদেশ এখন জারির অপেক্ষায় আছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দপ্তরের একজন কর্মকর্তা। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ শামসুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এর সত্যতা স্বীকার করেছেন। কিবরিয়া বলেন, "মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছি। অনেক চাপ ও প্রলোভনের মুখেও নিরপেক্ষভাবে তদন্ত শেষ করে প্রতিবেদন দিয়েছি। এ নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।" বিএলআরআইর সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর আলম গত ৭ ডিসেম্বর সাময়িকভাবে বরখাস্ত হন। একইসঙ্গে তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে জমা হওয়া ১৭টি অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য যুগ্ম-সচিব শামসুল কিবরিয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি প্রায় দুমাস তদন্ত করে ফেব্র"য়ারি মাসের প্রথম সপ্তাহে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। নাম প্রকাশে অনাগ্রহী মন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট ওই উপসচিব জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যে ১৭টি অভিযোগ তার নয়টির প্রমাণ করা যায়নি যথেষ্ট তথ্য-প্রমাণ না থাকায়। যে আটটি প্রমাণিত হয়েছে, তার থেকে দুটির জন্য বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত প্রতিবেদনে মন্ত্রীর বিরুদ্ধে সরকারের উচ্চ পর্যায়ে কাল্পনিক অভিযোগ, আইন লঙ্ঘন করে বিএলআরআই মহাপরিচালক পদে নিয়োগ পাওয়া, নিজের পাশাপাশি অধীন কর্মকর্তাদের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, জনবল নিয়োগ এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ার কথা বলা হয়। প্রতিবেদনে প্রমাণিত অভিযোগগুলোর ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মাধ্যমে হিসাব পরীক্ষা করে দেখার সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২১৩৬ ঘ.