২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকআউট করে আবার সংসদে ফিরলো বিএনপি

সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সোমবার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে ১০ মিনিট পরই আবার ফিরেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 11:20 AM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে কথা বলতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সোমবার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে ১০ মিনিট পরই আবার ফিরেছে প্রধান বিরোধী দল বিএনপি। ৬৪ দিন বর্জনের পর গত বৃহস্পতিবার সংসদে ফিরে এ নিয়ে তিন দফা ওয়াকআউট করলো তারা। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সোমবার বিকাল ৩টা ১৮ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। শুরুতেই বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদের সামনের সারিতে বিরোধীদের আসন বাড়ানোর দাবি জানান। তিনি আরো বলেন, "১৯৭২ থেকে '৭৫ সাল পর্যন্ত দেশে ৪০ হাজার মানুষ হত্যা হয়েছে, তাতে বঙ্গবন্ধুকে খুনি বলা যেতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী ও প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয়ের ঘুষ কেলেঙ্কারি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। মেসিন রেডিবেল পাসপোর্ট দুর্নীতি নিয়ে আলোচনা চাই।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে বোমার মতো বস্তু উদ্ধারের কথা জানিয়ে এ্যানি বলেন, "বিরোধী দলীয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।" এ্যানির বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা সমস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এ্যানির বক্তব্যের পর সংসদের হুইপ আব্দুস শহীদ বলেন, যে সব অসংসদীয় বক্তব্য ও উক্তি ব্যবহৃত হয়েছে, তা কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে। তখন স্পিকার বলেন, অসংসদীয় ভাষা বাদ দেওয়া হবে। এ পর্যায়ে বিএনপির মওদুদ আহমেদ পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে চাইলে স্পিকার তাকে সুযোগ না দিয়ে দিনের কার্যসূচি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার প্রতি আহ্বান জানান। তখন মওদুদের নেতৃত্বে বিরোধী দলের সসদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর ১০ মিনিট পর তারা আবার ফেরেন। এরপর বিএনপির মহিলা সংসদ সদস্য পাপিয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/১৭১৫ ঘ.